
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দেড় কেজি স্বর্ণালংকারসহ মো. শরীফ (৩০) নামের এক বিমানযাত্রীকে আটক করেছে যৌথ বাহিনী ও কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার করা ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণের বাজারমূল্য এবং শুল্ক-করসহ মোট রাজস্বের পরিমাণ প্রায় ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।
আজ রবিবার (২৫ অক্টোবর) বেলা ১১টা ৫০ মিনিটে সৌদি আরবের জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক মো. শরীফ নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা। পেশায় তিনি একটি প্রতিষ্ঠানের মুয়াল্লিম হিসেবে কর্মরত বলে জানা গেছে।
বিমানবন্দর সূত্র জানায়, জেদ্দা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি (বিজি-১৩৬) চট্টগ্রামে অবতরণের পর এরাইভাল হলের ১ নম্বর ব্যাগেজ বেল্ট এলাকায় ওই যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হয়। এরপরই গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে কঠোর নজরদারিতে রাখেন।
পরবর্তীতে বিমানবন্দর কাস্টমস, ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত একটি যৌথ দল তার হ্যান্ডব্যাগ এবং পরিহিত পোশাকে তল্লাশি চালায়। তল্লাশিতে চুড়ি আকৃতির ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ও পরিমাণ নিশ্চিত করার পর সেগুলো নিয়মা অনুযায়ী বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় অবৈধ উপায়ে স্বর্ণ চোরাচালানের অভিযোগে আটক যাত্রীর বিরুদ্ধে শুল্ক আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের গণসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল জানান, চোরাচালান রোধে বিমানবন্দরের নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি সবসময় কঠোর রয়েছে।
অনলাইন ডেস্ক 

























