
আওয়ামী লীগ সরকারের সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে রাজধানীর পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার পৃথক তিনটি হত্যাচেষ্টা মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।
রোববার (২০ সেপ্টেম্বর) বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রুল জারিসহ এ জামিনের আদেশ দেন।
আদালতে দীপঙ্কর তালুকদারের পক্ষে শুনানি করেন আইনজীবী অনাবিল আনন্দ রায়। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম ও সৈয়দা সাজিয়া শারমিন।
আদেশের বিষয়টি নিশ্চিত করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন জানান, হাইকোর্টের এই জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করার প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যাটর্নি জেনারেল অফিসে নোট পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সরকারের পতনের পর ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
পূর্বের পাঁচ মামলায় জামিন পাওয়ার পর গত মে মাসে রাজধানীর পল্টন মডেল, বংশাল ও ভাটারা থানার আলাদা তিনটি হত্যাচেষ্টা মামলায় তাকে পুনরায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। সংশ্লিষ্ট থানার এসআই বিমান তরফদার, কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এবং এসআই জ্যোতির্ময় মণ্ডলের করা ওই আবেদনের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন আদালতগুলো তাকে এসব মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
অনলাইন ডেস্ক 

























