
কুমিল্লাজুড়ে কিশোর গ্যাং ও বখাটেদের দৌরাত্ম্য রুখতে আবার কঠোর অবস্থানে নেমেছে জেলা পুলিশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে নতুন করে আরও ৩৭৯ জনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরী ও জেলার বিভিন্ন চিহ্নিত অপরাধপ্রবণ এলাকা, কিশোর গ্যাংয়ের সম্ভাব্য আড্ডাস্থল ও পয়েন্টগুলোতে এ অভিযান পরিচালিত হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেন।
আটককৃতদের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, আটক হওয়া ৩৭৯ জনের পরিচয় ও তাদের কোনো অপরাধের ইতিহাস রয়েছে কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কারো সম্পৃক্ততা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, উঠতি বয়সী কিশোরদের যেন কোনোভাবেই অপরাধ জগতে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে জেলা পুলিশ নিয়মিত এই প্রতিরোধমূলক অভিযান চালিয়ে যাচ্ছে এবং এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, এর আগের তিন দফার অভিযানে কুমিল্লা মহানগরীসহ ১৮টি থানা এলাকা থেকে সর্বমোট ১ হাজার ২৯৪ জনকে আটক করেছিল পুলিশ।
অনলাইন ডেস্ক 

























