
আলাদা গুম ও ক্রসফায়ারের মামলায় সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদ মোহাম্মদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিতে প্রসিকিউশনকে দুই মাসের সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
প্রসিকিউশনের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হলে শুনানি শেষে আদালত এ নির্দেশনা জারি করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর লক্ষ্মীপুরের বিএনপি নেতা আব্দুল মান্নান, জহিরুল ইসলাম সুমন ও আসাদুজ্জামান বাবুল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হন। একই ঘটনায় বিএনপি কর্মী বেল্লাল হোসেনকে গুম করার অভিযোগ রয়েছে।
অন্য একটি ঘটনার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর কুমিল্লার লাকসাম থেকে বিএনপির দুই নেতা—সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজ নিখোঁজ (গুম) হন। প্রসিকিউটর শাইখ মাহদী জানান, এ দুই ঘটনার বিষয়েই বর্তমানে গভীর তদন্ত চলছে।
এর আগে, গত ৪ আগস্ট প্রসিকিউশনের আবেদনের ভিত্তিতে ১০ আগস্ট আসামিদের আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছিল। নির্দেশ অনুযায়ী সেসময় তাঁদের হাজির করা হলে বিচারক গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
অনলাইন ডেস্ক 

























