
সাতক্ষীরার কলারোয়া থানাধীন হেলাতলা গ্রামে ১৪ বছরের কিশোরী (ছদ্মনাম-রুবিনা) গত ২৩/০৯/২০২৬ খ্রিস্টাব্দ দুপুর আনুমানিক ১৩.৩০ ঘটিকার সময় গরুর জন্য ঘাস কাটতে মাঠে যায়। এ সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা আসামি মোঃ জিয়ারুল ইসলাম (৩৫) তাকে কমলা লেবু, বাদাম ও আখ খেতে দেওয়ার প্রলোভন দেখিয়ে জনৈক আবুল হোসেন (৬৫)-এর কুল-বরই বাগানের মাঝখানে নিয়ে যায়। সেখানে আসামি ভিকটিমকে মাটিতে শুইয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। ভিকটিমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামি ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় ভিকটিমের বড় ভাই বাদী হয়ে আসামি মোঃ জিয়ারুল ইসলাম (৩৫) এর বিরুদ্ধে কলারোয়া থানার মামলা নং-২০, তারিখ-২৮/০৯/২০২৬ খ্রিস্টাব্দ; ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী-২০০৩)-এর ৯(১); জিআর নং-১৮১/২০২৬ (কলাঃ) দায়ের করেন। পিবিআই এর সিডিউলভুক্ত মামলা হওয়ায় পিবিআই সাতক্ষীরা জেলা মামলাটির তদন্তভার গ্রহণ করে। বর্তমানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) অনিমেশ কুমার মন্ডল মামলাটি তদন্ত করছেন।
পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮/০৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখ যশোর জেলার ঝিকরগাছা থানাধীন শ্রীরামকাঠী গ্রাম থেকে আসামি মোঃ জিয়ারুল ইসলাম (৩৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 

























