
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আক্রমণভাগে নতুন গতি আনতে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রতিভাবান ফরোয়ার্ড রোনান সুলিভান। দলে স্ট্রাইকারের আ সংকট কাটাতে তাঁর অন্তর্ভুক্তি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে চলতি বছরের এপ্রিলে মালয়েশিয়ায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে লাল-সবুজের জার্সিতে দুর্দান্ত পারফর্ম করে শিরোপা জয়ে বড় অবদান রেখেছিলেন রোনান। সেই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে দুটি গোল করার পাশাপাশি ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারেও জালের ঠিকানা খুঁজে নেন এই তরুণ। তবে মূল জাতীয় দলের হয়ে তাঁর খেলা নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তা কেটে যায়।
বাফুফে সহসভাপতি ফাহাদ করিম গণমাধ্যমকে জানান, রোনান নিজেই তাঁকে দলে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ দিন। এর আগেই তাঁকে চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে।
আগামী ৪ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ২০০৩ সালে ঘরের মাঠে একবারই এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। দীর্ঘ সময় পর ঘরের মাঠে সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে রোনানের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকবেন দেশের ফুটবলপ্রেমীরা।
অনলাইন ডেস্ক 























