
ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও তা কোনোভাবেই কর্মজীবনে প্রতিফলিত হতে দেওয়া যাবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (১ নভেম্বর) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নব-যোগদানকৃত কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীন কর্মকর্তাদের পেশাগত জীবনের শুভকামনা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখাই আপনাদের প্রধান দায়িত্ব। দেশের সামগ্রিক নিরাপত্তা ও জনগণের স্বস্তি অনেকাংশেই আপনাদের দক্ষ কার্যক্রমের ওপর নির্ভর করে। এছাড়া সবসময় চেইন অব কমান্ড বা শৃঙ্খলা মেনে চলা এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশনা পালনের তাগিদ দেন তিনি।
পুলিশ ও আনসার বাহিনীকে অন্যান্য ক্যাডারের চেয়ে ‘সংঘাতময় ও চ্যালেঞ্জিং’ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বুদ্ধিমত্তা ও পেশাদারিত্ব অত্যন্ত জরুরি। আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের পাশাপাশি বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে এবং ক্ষমতার কোনো অপব্যবহার যেন না হয়, সে বিষয়ে নবীন কর্মকর্তাদের কঠোরভাবে সতর্ক করেন তিনি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইজিপি (ইনচার্জ) ও অতিরিক্ত আইজিপি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
উল্লেখ্য, ৪৫তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে ৮০ জন এবং আনসার ক্যাডারে ২৫ জন কর্মকর্তা সুপারিশপ্রাপ্ত হন। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর আজ প্রথম দিনে পুলিশে ৬৫ জন এবং আনসারে ১৯ জন নবীন কর্মকর্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন।
অনলাইন ডেস্ক 





















