
সৌরবিদ্যুৎ খাতের দ্রুত বিস্তার এবং সরকারি কেনাকাটায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দুটি গুরুত্বপূর্ণ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের বিস্তারিত জানান।
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইন, ২০২৬: সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে এর আগে জারি করা অধ্যাদেশটিকে চূড়ান্ত আইনে রূপ দিতে এই খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। সংবিধানের নিয়ম অনুযায়ী এখন এটি সংসদে বিল আকারে উপস্থাপিত হবে।
পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) আইন, ২০২৬: সরকারি ক্রয় ব্যবস্থায় স্বচ্ছতা, সম-আচরণ এবং অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে গত ২১ সেপ্টেম্বর জারি করা অধ্যাদেশটি আইনে পরিণত করার জন্য এটি আনা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, নতুন এই সংশোধনীতে দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষার পাশাপাশি নারী, ক্ষুদ্র উদ্যোক্তা এবং সুযোগবঞ্চিত দরপত্রদাতাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া উন্মুক্ত দরপত্র পদ্ধতির আধুনিকায়ন এবং সরকারি জরুরি প্রয়োজনে বিকল্প ক্রয় ব্যবস্থার বিধানও যুক্ত করা হয়েছে।
প্রাথমিক প্রক্রিয়া শেষে আইন দুটির খসড়া এখন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে জাতীয় সংসদে বিল আকারে পাস হবে।
অনলাইন ডেস্ক 




















