
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডাকযোগে ভোট দিয়ে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছেন পোপ লিও চতুর্দশ। দেশটির কোনো নির্বাচনে ভোট দেওয়া প্রথম পোপ হিসেবে তিনি নিজের নাম লেখালেন। গত শুক্রবার (৩০ অক্টোবর) ভ্যাটিকান কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তার ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।
আল জাজিরা ও শিকাগো সান-টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শিকাগোতে জন্ম নেওয়া ইতিহাসের প্রথম মার্কিন বংশোদ্ভূত এই পোপ জন্মসূত্রে পাওয়া নাম ‘রবার্ট ফ্রান্সিস প্রিভোস্ট’ পরিচয়ে ইলিনয় অঙ্গরাজ্যের উইল কাউন্টি ক্লার্কের কার্যালয়ে ভোটার হিসেবে নিবন্ধিত রয়েছেন। নাগরিক দায়িত্ব পালনের দীর্ঘদিনের বিশ্বাস থেকেই গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে, গত ৩ অক্টোবর তিনি ব্যালটের জন্য আবেদন করেন এবং শিকাগোতে ডাকযোগে ভোট পাঠান।
ভ্যাটিকানের প্রেস অফিসের বিবৃতিতে জানানো হয়েছে, মার্কিন নাগরিক হিসেবে পোপ লিও তার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে তিনি বা তার দপ্তর থেকে কোনো নির্দিষ্ট প্রার্থীর নাম প্রকাশ করা হয়নি।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি পেরুর নাগরিকত্বও রয়েছে পোপ লিওর, যেখানে তিনি দুই দশকেরও বেশি সময় ধরে যাজক ও বিশপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কিন ফেডারেল আইন অনুযায়ী, বিদেশে বসবাসরত বা বিদেশি সরকারের দায়িত্বে থাকা মার্কিন নাগরিকরাও অ্যাবসেন্টি ব্যালটের মাধ্যমে এ ধরনের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।
অনলাইন ডেস্ক 























